কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সেবাপ্রার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।