
উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস-এর উখিয়া প্রতিনিধি শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, মানহানিকর ও বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে হেনস্থা করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।
প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফ্রিল্যান্সার পরিচয়ে অনলাইন প্রতারণা, মাদক ও নারী পাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সৈকত ব্যক্তিগত বিদ্বেষবশত সাংবাদিক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের বক্তব্য শুধু একজন পেশাদার সাংবাদিকের সম্মানহানিই নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদার ওপরও আঘাত হানে।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ মুজিবুর রহমান একজন দায়িত্বশীল, সৎ ও পেশাদার সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
উখিয়া অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের মানহানিকর অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, উখিয়া অনলাইন প্রেসক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।