
চুরির ঘটনায় ধরা পড়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যাগে নামাজ আদায় করছেন যুবক। ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে তাকে শাস্তি হিসেবে নামাজ পড়ানো হয়। ভবিষ্যতে চুরি করবেন না–এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাদ্রাসা প্রধান ইমাম হোসেন মোস্তাফী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মাদ্রাসার দানবাক্স ভাঙার সময় এক যুবককে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী বলেন, আমরা তাকে হাতেনাতে ধরেছি। পরে মারধর না করে মাদ্রাসার হুজুররা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান। সৎ পথে ফেরার জন্য উপদেশ দেন। তিনি ভবিষ্যতে এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেছেন।
স্থানীয় বসিন্দা রোকন সরকার বলেন, সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।
মাদ্রাসা প্রধান ইমাম হোসেন মোস্তাফী বলেন, শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। তিনি নিজের ভুল স্বীকার করেছেন। কখনও চুরি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।