
কক্সবাজার মহাসড়কে একটি মৃত গাছ বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঝড়-তুফানে সড়ক দিয়ে পথচারী ও যানবাহনের ওপর পড়ে দুর্ঘটনাসহ প্রাণীহানির ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) বিকালে সরেজমিনে দেখা যায়, লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ মৃত মাঝারি আকারের ঝুঁকিপূর্ণ গাছটির অবস্থান।
মৃত গাছটির ছবি তোলে নুরুল ইসলাম ডালিম নামে একজন শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যামে পোস্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। এদিকে বিষয়টি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ গাছটি সম্পর্কে শিক্ষক নুরুল ইসলাম ডালিম বলেন, গাছটি খুবই বিপজ্জনক। যেকোনো সময় সড়কে চলাচলরত পথচারী ও গাড়ির ওপর পড়তে পারে। ফলে মারাত্মক জখমের ঘটনা ঘটতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষ পাকা সড়ক দিয়ে চলাচল করে থাকেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে সড়কের পাশে এভাবে বেঁকে দাঁড়িয়ে থাকলেও কারো কোনো মাথা ব্যাথা নেই।
সড়কে চলাচলকারী যানবাহনের চালক কামাল হোসেন বলেন, মরা গাছগুলো হালকা বাতাস বা এমনিতেই ভেঙে রাস্তার ওপর পড়ে। এ কারণে গাড়ি চালানোর সময় তারা দুশ্চিন্তায় থাকেন। চলন্ত অবস্থায় তাদের যানবাহনের ওপর পড়লে বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। এ কারণে তারা রাস্তার পাশ থেকে মরা গাছগুলো দ্রুত অপসারণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী সড়ক ও জনপদ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, বিষয়টি আমাদের জানা নাই। আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম। এ ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।