
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যুবকের বিয়ের জন্য বুধবার গায়ে হলুদ হয়ে যায়। রাত পোহালেই বৃহস্পতিবার দুপুরে বিয়ে হবার কথা ছিল। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি। আত্মীয়-স্বজন তারাও এসেছেন বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ীতে সকল প্রস্তুতিই প্রায় শেষ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কনের বাড়িতে বর সেঁজে যাওয়ার কথা আলামিনের (২৬)। কিন্তু বুধবার গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে নিজ ঘরে শুয়ে পরেন বর আলামিন। কিন্তু বৃহস্পতিবার সকালের নিথর দেহ পরে আছে বিছানায়। বুধবার রাতের কোনো এক সময়ে সে মারা গেছেন। সকালে বিয়ে বাড়িতে শুরু হওয়ার কথা ছিল আনন্দের উৎসব সেখানে কান্নার রোল। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে।
বর আলামিন ওই গ্রামের আলম আকন্দের ছেলে। কনে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর কন্যা আরেফা আক্তার (১৮)। বর বেশে যে সময় কনের বাড়ি যাবার কথা ছিলো, সে সময়ই তাকে লাশ হয়ে বের হতে হলো বাড়ি থেকে। এলাকাবাসীর ধারণা রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বরের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেনো এমন মৃত্যু মেনে নিতে পারছিলনা কেউই। বাবা আলম আকন্দ জানান, আলামিনের মৃত্যুর ব্যাপারে কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলামিনের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি কেউ থানায় অবগত না করায় তাদের কিছুই জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।