
কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বেকারি কারখানায় উৎপাদিত পণ্যের স্টিকারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কারখানার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় অভিযুক্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে মরিচ্যা বাজারের তিনটি মাংসের দোকানেও তদারকি চালানো হয়। এ সময় বিএসটিআই কর্মকর্তারা দোকানগুলোর ওজন মাপার যন্ত্র পরীক্ষা করেন।
অভিযানকালে একটি দোকানে বোতলে রক্ত সংরক্ষণ করে মাংসের ওপর ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।