কারাগার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের কারাবন্দীরা সকালের নাস্তায় সব সময় একই খাবার পেত। তবে আজ রবিবার (১৬ জুন) থেকে তারা পাবে নতুন কিছু খাবার।
কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি মেন্যু ছিল। নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম মিলন বলেন, নতুন মেন্যুতে একই খাবার পাবে একজন কয়েদি ও হাজতি। তারা সপ্তাহে ২ দিন পাবে ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি ও রুটি এবং বাকি ১ দিন হালুয়া ও রুটি।
আজ রবিবার (১৬ জুন) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এ খাবারের মেন্যু উদ্বোধন করবেন।