
• ইমরান আল মাহমুদ
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের হলদিয়া বিটের হাতিরঘোনা এলাকায় একটি মূল্যবান চাঁপালিশ প্রজাতির মাদারট্রি অবৈধভাবে কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে গাছটি জব্দ করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর বয়সী চাঁপালিশ গাছটি কেটে পাচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে কথিত হেডম্যান আব্দুল গফুর লাভুর আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় গাছটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ঈদুল আজহার সরকারি ছুটির সুযোগে গাছটি প্রায় ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা চলছিল। রবিবার (৩১ মে) বিকেলে গাছটি কেটে ফেলা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাছটি জব্দ করেন। পরে গভীর রাতে ড্রাম ট্রাকে করে উদ্ধারকৃত গাছটি উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বন বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত গাছটির পরিমাণ প্রায় ৮০ ঘনফুট। সংশ্লিষ্টরা জানান, মাদারট্রি বনজ সম্পদের প্রাকৃতিক বংশবিস্তার ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এ ধরনের গাছ কর্তন বন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, “এ ঘটনায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে বন বিভাগের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা। তারা বনাঞ্চলে অবৈধ গাছ কর্তন ও বনজ সম্পদ পাচার রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।