
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পেঁচারদ্বীপ এলাকা থেকে দেলোয়ার হোসেন নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
দেলোয়ার হোসেন খুলনা জেলার সোনা ডাঙ্গার সাব্বির আহমদের পুত্র ও সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
লাশ উদ্ধারের কথা স্বীকার করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিক উল্লাহ চট্টগ্রাম প্রতিদিনকে জানান-পেঁচারদ্বীপে বাতিঘর নামে একটি রিসোর্টের মালিক ঢাকার ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ লাভলু। সাগরে ভেসে যাওয়া কিশোর তার ভাগ্নে। আত্মীয়-স্বজনের সঙ্গে দেলোয়ারও কক্সবাজারের ওই রিসোর্টে যায়।
বুধবার সকাল ১০টার দিকে সবার সঙ্গে সাগরে গোসল করতে নামার একটু পরেই ভাটার টানে সে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে যে স্থান থেকে ভেসে গিয়েছিল সেই স্থান থেকেই দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়।