
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকেল ৫ টার পরেও দোকান খোলা রাখায় কক্সবাজার শহরে ১৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সন্ধ্যায় শহরের কক্সবাজার শহরের প্রধান সড়ক, হাসপাতাল সড়ক, বাজার ঘাটা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জিল্লুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পালের দোকানে ৫ হাজার টাকা, আর্ট শপিং মলে ৫ হাজার টাকা, বেস্ট বাই’কে ৫ হাজার টাকা, হাজী শাহী বিরিয়ানীকে এক হাজার টাকা, দুইটি ফলের দোকানকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা, শফিক সেন্টারের দুইটি দোকানে এক হাজার টাকা, রংধনু প্রেসে এক হাজার টাকা, ডিসেন্ট টেইলার্সে এক হাজার টাকা, জিয়া কমপ্লেক্সের নয়ন কুলিং কর্ণারে ৫০০ টাকা, হাসপাতাল সড়কে মুদির দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।