
আগামী ১৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে নির্ধারিত বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার ভেন্যু, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কর্মসূচিগুলো সফল করতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।