কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার ১ নম্বর আসামি মো. ফরিদ (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ আগস্ট) র্যাব-১৫, কক্সবাজার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ১ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে যান অক্ষর সৌভিক রায়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।