কক্সবাজারের চকরিয়ায় ঘরের দরজা ভেঙ্গে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে চকরিয়া থানা পুলিশ গ্রামীন ব্যাংক সেন্টার আইসিসিডিআরবি সড়কের একটি ভাড়াটিয়া বাসা থেকে এনজিও কর্মী খান মোহাম্মদ বাবলুর রহমান (৪৫) এর মরদেহ উদ্ধার করে। বাবুল বেসরকারী এনজিও সংস্থা ‘এসিএফ বাংলাদেশ’ এ কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শিবপুর থানার মাছিমপুর গ্রামের লস্কর রহমানের ছেলে।
তার সহকর্মী মো. দুলাল হোসেন বলেন, রাতে সেহেরী খেয়ে ফজরের আজানের জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে কল আসে আমার মোবাইলে। ফোনটি ছিল বাবলুর স্ত্রীর।
অনেকক্ষণ ধরে তাকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানতে চায়। বাবলু একা থাকত। পরে ফজরের আজানের পর নামাজের জন্য যাচ্ছিলাম। এসময় তার রুমের দরজার কড়া নাড়লেও অপর প্রান্ত থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ৯৯৯ এ ফোন দিই। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করার পর বাবলুর মরদেহ বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে এনজিও কর্মী বাবলু মারা যেতে পারে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।