
আসন্ন ঈদুল আজহার আগেই কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
শনিবার (২৫ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।
মফিদুর রহমান বলেন, স্থানীয় সিভিল সার্জন কার্যালয় থেকে সহযোগিতা পাচ্ছি না। তারা প্রয়োজনীয় চিকিৎসক-নার্স দিতে পারছে না। এ সহযোগিতা দিতে পারলেই ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হতো।
‘রোববার (২৬ জুলাই) আমরা আবারো কথা বলবো স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে।
আশা করি, আগামীকাল একটা সিদ্ধান্ত পাবো। ঈদের আগে যাতে এয়ারলাইন্স দু’চারটি ফ্লাইট পরিচালনা করতে পারে, আমরা চেষ্টা করছি। ’
করোনা পরিস্থিতিতে গত ২৪ মার্চ দেশে প্লেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ১ জুন থেকে শর্ত সাপেক্ষে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। পর্যায়ক্রমে যশোর, বরিশাল ও রাজশাহী বিমানবন্দর খুলে দিলেও কক্সবাজার বিমানবন্দর এখনও চালু করা হয়নি। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) বিধি অনুযায়ী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে না পারায় কক্সবাজার বিমানবন্দর এখনো চালু করা যায়নি।