
মুকুল কান্তি দাশ,চকরিয়া ::
গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সতর্কতার পাশাপাশি বাড়তি তদারকি করছে পার্ক কর্তৃপক্ষ। সাথে বিভিন্ন বেস্টনিকে জীবাণুমুক্ত রাখতে ছিটানো হচ্ছে ব্যাকটেরিয়া নাশক স্প্রে।
সরজমিন পার্ক ঘুরে দেখা গেছে, চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো.মাজহারুল ইসলামের নেতৃত্বে পার্ক কর্মীরা জলহস্তী, বাঘ-সিংহ, জেব্রা, ওয়াইল্ডবিস্টসহ বিভিন্ন প্রাণীর বেস্টনির মধ্যে খাবার ও বিচরণ স্থানে ব্যাকটেরিয়া নাশক ওষুধ ছিটাচ্ছে।
চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আগে কোন সময় ব্যাকটেরিয়া নাশক স্প্রে করা হয়নি। গত একমাসে গাজীপুর সাফারি পার্কে ১৩টি পশু মারা যাওয়ার পর চকরিয়ার সাফারি পার্ককে জীবাণুক্ত রাখতে এই বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে।
পার্কে পাঁচটি জেব্রা, পাঁচটি ওয়াইল্ডবিস্ট, চারটি বাঘ, চারটি সিংহ, দশটি জলহস্তী ও উন্মুক্ত অসংখ্য হরিণকে রোগমুক্ত রাখতে বাড়তি তদারকি করছে পার্ক কর্তৃপক্ষ।
এছাড়া প্রাকৃতিক গাছ-গাছালিতে ভরপুর ৯’শ হেক্টর ভুমিকে গড়ে তোলা দেশের প্রথম এই সাফারি পার্কে রাখা দেশি-বিদেশি ও দুষপ্রাপ্য প্রাণীগুলো থাকা ও বিচরণের জন্য স্ব-স্ব প্রাণীর পছন্দনীয় পরিবেশ সৃষ্টি করায় প্রায় ৫০ থেকে ৬০ প্রজাতির দুই হাজারের বেশি পশু-পাখি আপন মহিমায় নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।
এতে রোগমুক্ত থাকতেও সহায়ক হচ্ছে পরিবেশগত কারণে।
জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিনজাতের প্রাণী মারা যাওয়ায় আমরা বেস্টনিভুক্ত ও উন্মুক্ত হরিণের খাবার স্থানসহ বিচরণ এলাকাকে জীবাণুমুক্ত রাখতে চিকিৎসকের পরামর্শে ব্যাকটেরিয়া নাশক স্প্রে ছিটাচ্ছি।
সাথে প্রাণীদের খাবারস্থান পরিবর্তন ছাড়াও পরিস্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিচ্ছি। এতে পার্কের কোন প্রাণীাই বর্তমানে ঝুঁকিতে নেই।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মৃত্যুর পর থেকেই চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারীদের সতর্কবস্থায় থাকতে বলেছি।
দিনে কয়েকবার করে প্রতি প্রজাতির প্রাণীদের দেখভালের নির্দেশনা দিয়েছি। বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেয়ায় পশু-পাখিগুলো রোগমুক্ত থাকার পাশাপাশি আরও সতেজ হয়ে উঠেছে।