বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পেতে হলে যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে।
এই ফুড ভাউচারের মূল্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে, যা ওমরাহ ভিসার মোট ফি’র সঙ্গে যুক্ত করা হবে। রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের জন্য এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দ্য নিউজ পাকিস্তান।
নতুন ব্যবস্থার আওতায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা হবে। এর অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি নির্দিষ্ট কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ওমরাহযাত্রীদের জন্য নিরাপদ, মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ওমরাহ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করা।
তবে নতুন নিয়মের ফলে ওমরাহ প্যাকেজের সামগ্রিক খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের ওমরাহ প্যাকেজ ও মূল্য কাঠামো পুনর্বিবেচনা করতে হতে পারে।