
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত হিসাব বলছে ২৪ ঘণ্টায় এক হাজার৬৮৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু রাজধানীর হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ৯৯২ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯১ জন।
তবে এ বছর অর্থাৎ চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ২৩৫ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৬ হাজার ৫৮২ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১৪ হাজার ৬৩৯ জন। যা অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৮৭ জন যা গতকালের তুলনায় ২৫ জন কম।
অধিদফতরে দেওয়া তথ্য বলছে, এর আগে, ২৫ জুলাই ৫৪৭ জন, ২৬ জুলাই ৩৯০ জন, ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪ জন এবং ২৯ জুলাই ১০৯৬ জন, ৩০ জুলাই ১৩৩৫, ৩১ জুলাই ১৪৭৫ জন, ১ আগস্ট ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আজকের তথ্য অনুযায়ী রাজধানীর বাইরে প্রায় ৬৩ জেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার রিপোর্ট পাওয়া গেছে।
২৪ ঘণ্টার হিসেব বলছে, ঢাকা বিভাগে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৮ জন, চট্রগ্রাম বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, সিলেট বিভাগে ১১ জনসহ সর্বমোট ৬৯১ জন।
অন্যদিকে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগীদের চিকিৎসা সহজ করতে সরকারি হাসপাতালে এ রোগের পরীক্ষা ও ওষুধপত্র বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
একই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নির্দেশনা যেন যথাযথভাবে মানা হয়। সেজন্য ভ্রাম্যমান আদালতসহ সরকারি সংস্থাগুলো, যারা বেসরকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়ে কাজ করে, তারা মাঠে সক্রিয় আছে।