[caption id="attachment_10875" align="alignleft" width="550"]
ফাইল ছবি[/caption]
এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ‘ধর্ষণের’ অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আটক হয়েছেন। আটক এসআই’র নাম রাকিব হোসেন। তিনি রাজধানীর মিরপুর থানার এসআই পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি।
তিনি জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে এসআই রাকিব হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগকারী নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানায়, এসআই রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ গড়ে তোলেন। পরে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগ। ওই নারী আগারগাঁওয়ের তালতলায় বসবাস করেন। নারীটি বারবার বিয়ের তাগাদা দিলে নানা অজুহাতে টালবাহানা করেন রাকিব। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে রাকিব হোসেনকে আটক করা হয়।
অভিযোগকারী নারী জানান, এসআই রাকিব তালতলার একটি বাসায় নিয়ে তাকে বৃহস্পতিবার রাতেও ধর্ষণ করেন। এদিনও বিয়ে করার কথা বলেন তিনি। তবে রাকিব হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। ‘৯৯৯’ এর ফোন পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ওই বাসায় গিয়ে তাকে উদ্ধার করে এবং এসআই রাকিবকে আটক করে। বৃহস্পতিবার রাতেই তিনি শেরেবাংলা নগর থানায় এসআই রাকিব হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।