হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন প্রসঙ্গে দেশের বুদ্ধিজীবিদের নিয়ে বিতর্কের বিষয়ে আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব, জৈনপুরী) বলেছেন, এরা বুদ্ধিজীবি না- এরা বুদ্ধি প্রতিবন্ধী। আমিও বুদ্ধিজীবি না, যে বুদ্ধিজীবি আমি তাকে সঠিক বুদ্ধি দেই। এমন কোন বুদ্ধিজীবি পাওয়া যাবে না যার প্রশ্নের জবাব কোরান থেকে দেয়া যাবে না। আমাদের মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, মহসিন হতে হবে। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। বাংলাদেশে কোটি কোটি মুসলমানের সুপ্ত অভিপ্রায় আল কোরানের শাসন প্রতিষ্ঠা হোক। উখিয়া মৌলভীপাড়া আজিমুশ্বানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে গত ২৯ ডিসেম্বর রাতে প্রধান বক্তার আলোচনায় তিনি উপরোক্ত কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো, ১৯ দিন ব্যাপী সিরাতুন্নবী (সাঃ) মাহফিল চুনতী, লোহাগাড়ার পরিচালক আব্দুল মালেক ইবনে দিনার, রাজাপালং এম, ইউ ডিগ্রী মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল হক, হাজিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নুরুল জলিল, রাজাপালং মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী কামাল আহমদ প্রমুখ। উক্ত সীরত মাহফিলের সভাপতিত্ব করেন, রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।