নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচন করবেন বলে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্র সাংবাদিকদেরকে দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ঝুমা তালুকদার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ জন্য আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগ করেছি। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল ১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।