
রোহিঙ্গা গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প। কক্সবাজারের উখিয়ায় সবচেয়ে বড় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপ বুধবার (২৯ আগস্ট) রাত থেকে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবিনিময় চলছে। এই পর্যন্ত অন্তত ১২ রোহিঙ্গা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দুই গ্রুপের সংঘর্ষে আতঙ্কে রোহিঙ্গারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়া এলাকার সন্ত্রাসী মুন্না গ্রুপের সাথে রেজিস্ট্রাট ক্যাম্পের সন্ত্রাসী কালাম গ্রুপের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (২৬ আগস্ট) রাত থেকে দফায় দফায় সংঘর্ষে চলে আসছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে কুতুপালং ক্যাম্পের বলখেলার মাঠ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়। শনিবার (২৯ আগস্ট) সারাদিন দুই গ্রুপ সশস্ত্র ভাবে ক্যাম্পে টহল দিয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে আবারও দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মাঝে কয়েকদফা সংঘর্ষ হয়। এই সময় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত রোহিঙ্গাদের ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে মোহাম্মদ ইউছুফ ও মোঃ সেলিম উল্লাহর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দফায় দফায় সংঘর্ষের ভয়ে অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ে সরে গেছে। কক্সবাজার ১৪ এপিবিএন অতিঃ পুলিশ সুপার রাকিব খান নিউজনাউকে জানিয়েছেন, রোহিঙ্গা দুই গ্রুপের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলের পরে ক্যাম্প অতিরিক্ত এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। © NewsNow24