শ,ম,গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র ওপর হামলা করেছে ইয়াবা কারবারিরা। এতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবির ছোড়া গুলিতে গ্রামের শিশুসহ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
ঘটনাটি শুক্রবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাফনদের তীরবর্তী নলবনিয়া গ্রামে ঘটেছে।
পুলিশ, বিজিবি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নলবনিয়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান লুতু একজন শীর্ষ ইয়াবা কারবারি। তিনি গত কয়েকদিন আগে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে আসে বলে বিজিবি জানতে পারে। পরে শুক্রবার সকালে ৩৪ বিজিবির নায়েক নুরুল আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহলদল তার বাড়িতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। এ সময় কারবারি লুতু তার পরিবারের সদস্য, গ্রামের নারী ও আত্মীয়স্বজনরা দেশীয় অস্ত্রসহ বিজিবির ওপর ঝাঁপিয়ে পড়ে।ইয়াবা কারবারির দল বিজিবি সদস্যদের ওপর উপর্যুপরি আঘাত করে নায়েক নুরুল আলমের হাত ভেঙে দেয় এবং ল্যান্স নায়েক জিল্লুর রহমানকেও গুরুতর জখম পরে। বিজিবি সদস্যরা অনেক ধৈর্য ধরার পর উপায়ন্তর না দেখে আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।
এতে কারবারিরা পিছু হটে। তবে বিজিবির গুলিতে গ্রামের শিশু নুর নাহার ও মোহাম্মদ আয়ুব নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার খবর শুনে আমি সেখানে পৌঁছি। বিজিবির ওপর হামলাকারী লুতু একজন বড় মাপের ইয়াবা কারবারি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদকের মামলাসহ সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।