ডেস্ক রিপোর্ট ::
উখিয়া পালংখালী বাসস্টেশনে পুলিশকে মারধর করে ইয়াবা কারবারি নুরুল হককে ছিনিয়ে নিয়ে যায় একটি সংঘবদ্ধ দল। এ ঘটনার ১৭ ঘণ্টা পর ফের তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে নুরুল হককে ফের গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে ইয়াবা কারবারি নুরুল হককে ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ মাদক কারবারির দল। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
উখিয়া থানার পুলিশ জানায়, পালংখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) নুরুল হকের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাকে পালংখালী বাসস্টেশনের আলমগীর মার্কেটের সামনে পেয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর পেয়ে স্টেশনের অন্য ইয়াবা কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
গতকাল শুক্রবার রাতে পুলিশের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
উখিয়া থানার ওসি নুরুল ইসলাম ভুঁইয়া জানান, ইয়াবা কারবারিরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশকে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।