
০১ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় উখিয়ার সাগর কন্যা ইনানী, পর্যটন স্পট পাটুয়ারটেক সহ অন্যান্য সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত ৯টা ৪৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, জানুয়ারি—ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের প্রথমদিকেও শনাক্ত এবং মৃত্যুর হার কম ছিল। তাই কক্সবাজারে ব্যাপক পর্যটকের সমাগম ঘটে। কিন্তু মার্চের শেষদিকে ফের করোনার প্রকোপ বেড়েই চলেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নতুন করে কক্সবাজার জেলায় সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় করোনা প্রতিরোধ এবং প্রাণহানি রুখতে বাড়তি সতর্কতার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রাণহানি কমাতে জনগণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের আরও বেশি সতর্ক এবং কার্যকরী উদ্যোগের বিকল্প নেই। সতর্কতার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরা এবং সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং পাশাপাশি করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।