
কক্সবাজারের উখিয়া থানা ডিসপেনসারী উপস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের সোলার সিস্টেমের ৬টি বড় ব্যাটারি চুরি হয়েছে বলে জানা গেছে।
গত ৫ জুন রাতে দুর্বৃত্তরা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটক ও অভ্যন্তরীণ কক্ষের তালা ভেঙে ব্যাটারিগুলো নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বিশেষ করে নৈশপ্রহরীর অভাব এবং নিয়মিত তদারকির ঘাটতির কারণে সরকারি সম্পদ ঝুঁকির মধ্যে ছিল বলে তারা দাবি করেন।
তবে চুরির ঘটনার জন্য হাসপাতালের ইনচার্জ ডা. মাহমুদুল হাসানকে সরাসরি দায়ী করে স্থানীয়দের একটি অংশ অভিযোগ তুললেও, এ বিষয়ে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা দ্রুত চুরি হওয়া সরকারি সম্পদ উদ্ধারের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।