উখিয়া থানায় পুলিশি সেবা নিতে কোনো ধরনের অর্থের প্রয়োজন নেই বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, থানার নাম ভাঙিয়ে বা পুলিশের পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে তাকে জানাতে হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওসি আতিকুর রহমান বলেন, আমি যতদিন উখিয়া থানায় দায়িত্ব পালন করছি, ততদিন পুলিশি সেবা নিতে কোনো টাকার প্রয়োজন নেই। কেউ যদি থানার কথা বলে, পুলিশের নাম ব্যবহার করে বা কোনো পুলিশ সদস্য টাকা দাবি করে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি নিজেও যদি কোনো অনিয়ম করি, তাহলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। জনগণের আস্থা অর্জন করেই পুলিশকে কাজ করতে হবে।
ওসির এই বক্তব্যকে উপস্থিত সুধীজন ইতিবাচক হিসেবে দেখেছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে থানার নাম ব্যবহার করে দালাল বা অসাধু ব্যক্তিদের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ শোনা যায়। এমন প্রেক্ষাপটে ওসির প্রকাশ্য এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দেবে বলে তারা আশা প্রকাশ করেন।