উখিয়া–টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ দুই নেতা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
জানা গেছে, কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। তবে দলীয় সিদ্ধান্তে শাহজাহান চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় শুরুতে আব্দুল্লাহর সমর্থকরা মশাল মিছিল, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেন এবং পুনর্বিবেচনার দাবি তোলেন। এতে উখিয়া-টেকনাফে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়।
অবশেষে দলীয় স্বার্থে ঐক্যের ডাক দিয়ে উভয় নেতা একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উখিয়া-টেকনাফ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শাহজাহান চৌধুরীর বাড়িতে গিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা উখিয়া-টেকনাফে বিএনপির ঐক্য চেয়েছিলেন। দুই শীর্ষ নেতার একসঙ্গে কাজ করার ঘোষণায় নির্বাচনী চিত্র পাল্টে যেতে পারে বলে তারা আশাবাদী। এতে ধানের শীষের পক্ষে ভোটের মাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা।
এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, “আব্দুল্লাহ আমার অত্যন্ত কাছের মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে দলের রাজনীতি করে আসছি। সে এ আসনে মনোনয়ন চেয়েছিল, তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের বাইরে যাওয়ার সুযোগ নেই। তারেক রহমান এ আসনে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চান। এখানে ব্যক্তি নয়, দলই আমাদের শক্তি। আমরা সবাই মিলে বিএনপিকে বিজয়ী করতে কাজ করব।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমার শ্রদ্ধেয় মুরুব্বী ও চাচা শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে উখিয়া-টেকনাফে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাব।
উল্লেখ্য, কক্সবাজার-৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।