কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি বা অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা বাতিলের দাবি জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত আবেদন করেছেন তিনি। আবেদনে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কথিত অনুমতির নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধের পাশাপাশি বিদ্যমান এ প্রক্রিয়াকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফসহ বিভিন্ন উপজেলার নির্দিষ্ট মৌজায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পূর্বানুমতি/অনাপত্তিপত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এতে জমির মালিক ও ক্রেতাদের নানা ধরনের প্রশাসনিক জটিলতা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে।
তিনি আবেদনে সংবিধানের ৪২(১) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিলি-ব্যবস্থাপনার অধিকার রয়েছে। অথচ জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত অনুমতি গ্রহণের ব্যবস্থা এ সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে আরও বলা হয়, জেলা প্রশাসনের অনুমতি/অনাপত্তিপত্র পেতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুনরায় অনুমতি বা অনাপত্তিপত্র গ্রহণের প্রক্রিয়ায় যেতে হয়। এতে একই জমি ও একই কেসের ক্ষেত্রে বারবার প্রশাসনিক প্রক্রিয়া, সময়ক্ষেপণ ও অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে।
শাহজাহান চৌধুরী বলেন, ভূমি রেজিস্ট্রেশন ব্যবস্থায় জটিলতা, দীর্ঘসূত্রতা ও হয়রানি কমিয়ে সহজ, দ্রুত, হয়রানিমুক্ত ও সময়সাশ্রয়ী ব্যবস্থা চালু করা প্রয়োজন। বিশেষ করে উখিয়া-টেকনাফসহ কক্সবাজার জেলার সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে বিদ্যমান অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে বিষয়টিকে জনস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।