কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নুর কামাল নামে এক হেড মাঝিকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ক্যাম্প-৮ ইস্টের বি/৪১ ব্লকে এ ঘটনা ঘটে।
আহত নুর কামাল ওই ব্লকের হেড মাঝি এবং তিনি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এআরএ’র প্রধান নবী হোসেনের ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী নুর কামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয় রোহিঙ্গাদের তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠী আরএসও’র সদস্যরা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।