
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং রোগীর স্বজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার(৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিশুর মা।
অভিযোগে বলা হয়েছে, জ্বর, শ্বাসকষ্ট, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ সময় অপেক্ষার পরও যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বরত চিকিৎসক দুর্ব্যবহার করেন এবং তাদের কক্ষ থেকে বের করে দেন। এতে শিশুটির চিকিৎসা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবারটি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার বলেন, “লিখিত অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”