
উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ সেপ্টেম্বর)।
নাজের হোসাইন মাস্টার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং ফয়জাবাপের পাড়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ১১টি প্রাথমিক বিদ্যালয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেন। তাঁর হাত ধরে বহু শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন। দীর্ঘ কর্মজীবনের পর ২০০০ সালের ১ জানুয়ারি তিনি সম্মানজনকভাবে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পরও থেমে থাকেননি তিনি। রাজনীতি, সমাজসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ধর্মীয় মূল্যবোধের প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল। আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্রতি তাঁর ছিল বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।
শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আলোকিত সমাজ গঠনে তাঁর অবদান স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে যান।
মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
শিক্ষাদানের মাধ্যমে তিনি যে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন, তা যেন তাঁর জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়, এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের।