বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
দিনভর ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার অনেক এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও উদ্ধার তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
শাহজাহান জানান, বন্যার শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে শুকনো খাবার, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের পরিবারকেও পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও তিনি জানান।
তিনি দ্রুত পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সরকারের পদক্ষেপ কামনা করেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল।