
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতরে ইয়াবা বহনের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় তার কাছ থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের নুর কামালের শেডে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাকিলা খাতুনের বাড়ি গাজীপুরে। তিনি মো. সাইদুর ইসলামের মেয়ে।
৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের ওই শেডে অভিযান চালান। এ সময় স্থানীয় ব্লক মাঝি ও হেড মাঝির উপস্থিতিতে শাকিলা খাতুনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের পর তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১ হাজার পিস ইয়াবা ছিল। জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকটি প্যাকেট খেয়ে ফেলার কথা জানান।
পরে পেটের ভেতরে ইয়াবা রয়েছে কি না, তা নিশ্চিত করতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে পলিথিনে মোড়ানো আরও কয়েকটি প্যাকেটের অস্তিত্ব পাওয়া যায়।
পরবর্তীতে হাসপাতাল থেকে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৩ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে ৮২টি প্যাকেটে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এপিবিএন জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১১০/২৬, তারিখ ৬ আগস্ট ২০২৬। আটক নারী ও জব্দ করা মাদকের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।