কক্সবাজারের উখিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান।
সোমবার (২২ জুন) দুপুর ১ টার দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও বিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
জিসান বলেন, “একজন শিশুর নিখোঁজ হওয়াও অত্যন্ত বেদনাদায়ক। সেখানে অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা পুরো উখিয়াবাসীর জন্য উদ্বেগের বিষয়। প্রশাসনকে দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ভালুকিয়া মাঝরপাড়া, ভালুকিয়া জাফর পল্লানপাড়া এবং হলদিয়াপালং ইউনিয়নের ঘাটিপাড়া এলাকা থেকে অন্তত তিনজন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
একই সঙ্গে তিনি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শ্রমিক নেতা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান।