কক্সবাজারের উখিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর লাইসেন্সের বৈধতা, প্রয়োজনীয় অনুমোদন এবং চিকিৎসাসেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কোথাও আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকলেও সেগুলো পরিচালনার মতো দক্ষ জনবল নেই। কোথাও লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কার্যক্রম। আবার কিছু প্রতিষ্ঠান শুধু লাইসেন্সের জন্য আবেদন করেই রোগীদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ফি আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, উখিয়ায় তালিকাভুক্ত ২৬টি হাসপাতালের বেশির ভাগের লাইসেন্স নবায়ন হয়নি। কিছু প্রতিষ্ঠান শুধু আবেদন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর বাইরেও উপজেলায় নতুন নতুন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। ফলে এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার বলেন, তালিকাভুক্ত ২৬টি হাসপাতালের বেশির ভাগের লাইসেন্স নবায়নের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। কিছু হাসপাতাল শুধু আবেদন করে কার্যক্রম চালাচ্ছে। লাইসেন্স নবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া। এ ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকিতে লোকবল সংকট এবং নির্দেশনা ও ক্ষমতার সীমাবদ্ধতাসহ বেশ কিছু সমস্যা রয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়মের বিষয়গুলো নিয়ে তাঁরা কাজ করছেন। অভিযান পরিচালনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করছেন। অচিরেই এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, তালিকাভুক্ত ২৬টি প্রতিষ্ঠানের বাইরেও উখিয়ার কোটবাজার, কুতুপালং ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। কোটবাজারের অরিয়ন হাসপাতাল, অরজিন হাসপাতাল,অরিয়ন হাসপাতাল, কোটবাজার ডিজিটাল হাসপাতাল, কুতুপালং এলাকার পালং জেনারেল হাসপাতাল, আলিফ হাসপাতাল, নতুন উদ্বোধন হওয়া আল নুর হাসপাতাল এবং পালংখালীর তাজমান হাসপাতাল উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স, নবায়ন, চিকিৎসক ও কর্মচারীদের যোগ্যতা এবং পরীক্ষাগারের সক্ষমতা যাচাইয়ের দাবি উঠেছে।
শুধু লাইসেন্স কিংবা অনুমোদন নয়, এসব প্রতিষ্ঠানের পরীক্ষা-নিরীক্ষার মান ও ফি নিয়েও ক্ষোভ বাড়ছে রোগী ও স্বজনদের মধ্যে। ভুক্তভোগী শরীফ উদ্দিনের অভিযোগ, কোটবাজারের একটি প্রতিষ্ঠানে কোনো মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই এক্স-রে করা হচ্ছে। এ জন্য রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬০০ টাকা।
তাঁর দাবি, চট্টগ্রাম ও ঢাকার পাশাপাশি কক্সবাজারের অনেক স্থানেও এর চেয়ে কম খরচে এক্স-রে করা যায়। তাহলে প্রয়োজনীয় টেকনোলজিস্ট ছাড়াই এক্স-রে করে কোটবাজারে ৬০০ টাকা নেওয়ার বিশেষত্ব কী, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
মুহাম্মদ সাইফুল ইসলাম নাঈমের অভিযোগ, মানুষের জীবন নিয়ে একশ্রেণির শিক্ষিত ও স্বার্থান্বেষী মহল ব্যবসা শুরু করেছে। রোগ নির্ণয়ের নামে একজন রোগীকে অন্তত চার-পাঁচটি পরীক্ষা করতে দেওয়া হচ্ছে। একজন চিকিৎসক দৈনিক কতজন রোগী দেখবেন, তারও কোনো নিয়ন্ত্রণ আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন একজন চিকিৎসক দিনে শতাধিক রোগী দেখছেন। সাধারণ মানুষ চিকিৎসাসেবার নামে এসব বাণিজ্যের হিসাব বুঝতে পারেন না। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।
দিল মোহাম্মদ শাহ আলমের অভিযোগ, কক্সবাজারের বেশির ভাগ ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট বাধ্যতামূলক হলেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না। তাঁর দাবি, কোথাও কোথাও যথাযথ প্রশিক্ষণ ও স্বীকৃত যোগ্যতা ছাড়াই শুধু কাজ দেখে শেখা লোকজন দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। এতে মানহীন রিপোর্ট তৈরি হচ্ছে, অথচ রোগীরা সেসব রিপোর্টের ওপর নির্ভর করে চিকিৎসা নিচ্ছেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল সার্জনের জরুরি অভিযান ও কার্যকর তদারকি প্রয়োজন বলে মনে করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি ও পরীক্ষার সরঞ্জাম থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও প্রশিক্ষিত কর্মী নেই। অথচ এসব প্রতিষ্ঠানে নিয়মিত রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এতে পরীক্ষার ফলাফলে ভুল হওয়ার পাশাপাশি রোগ নির্ণয় ও চিকিৎসায় ঝুঁকি তৈরি হতে পারে।
এর আগে উখিয়ায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন এবং চিকিৎসাসেবার মান নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা, নবায়ন ছাড়াই কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকার অভিযোগ উঠে আসে। ফলে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কার্যকর তদারকি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সংশ্লিষ্টদের মতে, হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে দামি যন্ত্রপাতি থাকাই মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা নয়। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং দক্ষ পরীক্ষাকর্মী ছাড়া স্বাস্থ্যসেবা পরিচালনা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ভুল পরীক্ষার রিপোর্টের কারণে একজন রোগী ভুল চিকিৎসার শিকার হলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও রয়েছে।
এ অবস্থায় উখিয়ার সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, নবায়ন, চিকিৎসক ও কর্মীদের যোগ্যতা, পরীক্ষাগারের অনুমোদন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করে দেখার দাবি উঠেছে। একই সঙ্গে এক্স-রে ও অন্যান্য পরীক্ষার ফি, চিকিৎসকদের রোগী দেখার সংখ্যা এবং পরীক্ষার রিপোর্টের মান যাচাইয়েরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুধু আবেদন করে কার্যক্রম চালানোর সুযোগ থাকলে এবং দক্ষ জনবল ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকলে স্বাস্থ্যসেবার মান ও রোগীর নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে, সেই প্রশ্নের উত্তর চান তাঁরা