কক্সবাজারের উখিয়ায় পবিত্র রমজানকে সামনে রেখে বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া সদর ও কোর্টবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে কয়কটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় অনিয়মের দায়ে উখিয়া সদর, কোর্টবাজার সহ বিভিন্ন এলাকায় বেলা ২টার দিকে তিনটি দোকানকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এ সময় বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসাম বলেন, রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রশাসনের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।