উখিয়া উপজেলায় বৈধ প্রক্রিয়ায় বিদ্যুৎ সংযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
অভিযোগ রয়েছে, দালাল ছাড়া আবেদন করলে ফাইল হারিয়ে যায়, আর মোটা অংকের টাকা দিলে দ্রুত সংযোগ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর বনে বিদ্যুৎ ফাঁদ বসিয়ে হাতি মারা সংক্রান্ত ঘটনার পর বন বিভাগের জমিতে কাগজে-কলমে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও ভুয়া কাগজপত্র তৈরি করে টাকার বিনিময়ে সংযোগ দেওয়ার অভিযোগ অহরহ পাওয়া যাচ্ছে। এতে বৈধ আবেদনকারীরা দীর্ঘদিন অপেক্ষা করেও সংযোগ পাচ্ছেন না।
কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক পরিচালক আনিসুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে তিনি নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। কিন্তু এখনও তিনি কোনো সংযোগ পাননি। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ উখিয়া অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয়, তার ফাইল নাকি হারিয়ে গেছে। এতে তিনি হতাশ হয়ে ও ফেইসবুক লাইভে এসে দ্রুত সমাধানের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, দালালের মাধ্যমে আবেদন করলে দ্রুত সংযোগ পাওয়া যায়, অন্যথায় মাসের পর মাস ঘুরতে হয়। এমনকি টাকা ছাড়া ফাইল নড়াচড়া করে না বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ডিজিএম উখিয়া, কাইজার নুরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে কক্সবাজার পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলমের নিকট জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট সদুত্তর না দিয়ে উখিয়া অফিসে সরাসরি উপস্থিত হয়ে দেখা করার জন্য বলেন।
তবে স্থানীয়রা বলছেন, লিখিত অভিযোগ দিলেও কার্যকর পদক্ষেপ না হলে ভোগান্তি কমবে না। তারা বিষয়টি তদন্ত করে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।