কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তারজিমারখোলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিন (৩৫) নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার সাড়ে ১০টা দিকে জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল মেম্বারের মাছের ঘের খনন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পানির পাম্পে কাজ করার সময় তিনি বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি পানিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে ক্যাম্প-১৩ সংলগ্ন কাঁটাতারের বাহিরে ওই মাছের ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।