ওসমান সরওয়ার, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলায় মালিকবিহীন কুকুরের উপদ্রব দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামে দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এসব কুকুর সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ও সন্ধ্যায় কুকুরের উপদ্রব সবচেয়ে বেশি থাকে। দলবদ্ধ কুকুর প্রায়ই পথচারীদের তাড়া করে, ফলে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা ভীতি ও অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। অনেকেই একা চলাচল করতে সাহস পাচ্ছে না, যার কারণে ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম।
অভিভাবকদের ভাষ্য, প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে আতঙ্ক কাজ করে। বাধ্য হয়ে অনেক সময় সঙ্গে কাউকে দিতে হচ্ছে। অন্যদিকে, শিক্ষকরা জানান— নিরাপত্তা শঙ্কার কারণে কিছু শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে, যা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়া, কুকুরের আক্রমণে গরু-ছাগলসহ গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতির ঘটনাও বাড়ছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় এক কৃষক বলেন, কুকুরের আক্রমণে তার কয়েকটি ছাগল মারা গেছে, যা তার জন্য বড় ধরনের ক্ষতি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত মালিকবিহীন কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।