কক্সবাজারের উখিয়ায় বিয়ে বাড়িতে উচ্ছৃঙ্খল গান-বাজনা বন্ধ করতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমাজ সর্দার আব্দুর রহমানসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন।
উপজেলার রাজাপালং ইউনিয়নের চেংখোলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিয়ে বাড়িকে কেন্দ্র করে গত ১০ দিন ধরে উচ্চ শব্দে নাচ-গানসহ নানা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড চলছিল। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। এসব কর্মকাণ্ড বন্ধ করতে প্রতিবাদ জানান সমাজ সর্দার আব্দুর রহমান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। তবে পুলিশের সতর্কবার্তার পরও তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে গান-বাজনা বন্ধ করতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, সমাজ সর্দার উচ্ছৃঙ্খল গান-বাজনা বন্ধ করতে বলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।