কক্সবাজারের উখিয়ায় আট মাসের অন্তঃসত্ত্বা ও মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত মরিয়ম শাকেরা নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৯ আগস্ট পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে মায়ের অপেক্ষায় দিন কাটছে তার দুই মেয়ে ও এক ছেলের।
পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম শাকেরার সঙ্গে ছৈয়দ নুরের প্রায় ছয় বছর আগে বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গত চার-পাঁচ বছর ধরে মাঝেমধ্যে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটছে মরিয়মের। পরে মাইকিং ও বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে তাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে টেকনাফের বাহারছড়া এলাকা থেকেও তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের দাবি, মস্তিষ্কের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মরিয়মকে ওষুধ সেবন করতে হয়। ওষুধ সেবন করলে তার সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও তিনি নিয়মিত ওষুধ খেতে চাইতেন না। গত ৯ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর তিনি থাইংখালীর হাকিমপাড়া এলাকায় গিয়ে প্রায় আট দিন অবস্থান করেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
মরিয়মের স্বামী ছৈয়দ নুর বলেন, “গত চার-পাঁচ বছর ধরে মাঝেমধ্যে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আগেও কয়েকবার তাকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে বাড়িতে ফিরিয়েছি। কিন্তু এবার অনেক দিন হয়ে গেল, কোনো খোঁজ পাচ্ছি না। সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো, সে আট মাসের অন্তঃসত্ত্বা।”
তিনি আরও বলেন, “তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে রাগ দেখায়। তাই অনেক সময় তার চাওয়া অনুযায়ী চলতে হয়। এক মাস আগেও বাড়ি থেকে বের হয়েছিল, পরে ফিরে আসে। এবার সন্তানদের রেখে চলে যাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি।”
স্বজনরা জানান, মরিয়ম নিখোঁজ হওয়ার পর থেকে তার তিন সন্তান মায়ের অপেক্ষায় রয়েছে। তারা বারবার মায়ের কথা জানতে চাইছে। মায়ের অনুপস্থিতিতে শিশুদের মধ্যে কান্নাকাটি ও অস্থিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিনেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি উদ্বেগের মধ্যে রয়েছে। বিশেষ করে মরিয়ম আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাদের শঙ্কা আরও বেড়েছে।
মরিয়মের পরিবার তাকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে। কেউ তার সন্ধান পেলে স্বামী ছৈয়দ নুরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। তার মোবাইল নম্বর ০১৮২৮৫৭৮৯৫৩ ও ০১৮৫১৫১৬১১৯