আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্ঘটনা কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ৯টি ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন করেছে।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এসব পতাকা স্থাপন করা হয়। বাঁকগুলোতে চালকদের সতর্ক করতে প্রতিটি বাঁকে উভয় পাশে সারিবদ্ধভাবে পাঁচটি করে মোট ১০টি লাল পতাকা স্থাপন করে।
যেসব স্থানে লাল পতাকা স্থাপন করা হয়েছে সেগুলো হলো—চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্যসংলগ্ন বাঁক, লোহাগাড়া–চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের ও পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিসসংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়ার মিঠা দীঘি সংলগ্ন বাঁক, চন্দনাইশের খানহাট পুকুর সংলগ্ন বাঁক এবং পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক।
বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী বলেন, সতর্কতামূলক চিহ্ন হিসেবে স্থাপন করা এসব লাল পতাকা ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে চালকদের আরও সতর্ক হতে সহায়তা করবে। এতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।