টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার বিকেলে এক সমাবেশ হয়েছে।হ্নীলা স্টেশন চত্বরে ইউএনডিপির সহযোগিতায় এ সমাবেশ হয়। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাইফীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো. আলী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা,হ্নীলা জামে মসজিদের খতীব মাওলানা জামাল উদ্দিন,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চে পাকিস্তানীদের উদ্দেশে যেভাবে বলেছিলেন ঠিক একইভাবে ইয়াবা কারবারীদের উদ্দেশে বলতে চাই ভাতে মারবো,পানিতে মারবো।
এসময় ওসি জনতার উদ্দেশে বলেন, আমার একার পক্ষে সম্ভব নয় আপনারা একটু তথ্য দিয়ে আমাকে সাহায্য করেন,আমি ইয়াবা নির্মূল করেই ছাড়ব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। বার বার মিটিং করে বলতেছি ভালো হয়ে সু পথে ফিরে আসুন। ইয়াবা ব্যবসা ছেড়ে আপনারা ভালো হয়ে যান। আলোর পথে আসুন, ইয়াবা কারবারীদের দ্বিতীয় দফায় আত্নসমর্পণের সুযোগ দেয়া হচ্ছে এটা আপনাদের লাস্ট চান্স হয়তো আত্নসমর্পণ করুন না হয় আপনাদের পরিণতি হবে মাটির নিচে।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা, পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম, ইউএনডিপির জেলা কো-অর্ডিনেটর মো. খালিদ এরশাদ,থানার পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন ওয়ার্ড থেকে মাদক প্রতিরোধ কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা।