
চট্টগ্রামের পটিয়া থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মোছাম্মৎ লাইজু (৩৮) নামের এক কথিত সাংবাদিক পালিয়ে গেছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ইয়াবা পাচারের অভিযোগে মোছাম্মৎ লাইজুকে পটিয়া পোস্ট অফিস মোড়ের একুশে ল্যাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে এক হাজার ৯০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া লাইজু বরগুনার মো. জাকির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় লাইজুর কাছে ‘আমাদের নতুন সময়’ পত্রিকার স্টাফ রিপোর্টারের একটি কার্ড পাওয়া যায়। গতকাল শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে লাইজু স্বীকার করেন তার পেটের ভেতর ইয়াবা বড়ি রয়েছে। পরে তার এক্স-রে করা হয়। রাত সোয়া ১১টার দিকে তিনি থানার টয়লেটে গিয়ে এক হাজার ৯০০ ইয়াবা বড়ি বের করেন। এরপর টয়লেটের ভেন্টিলেটর দিয়ে তিনি পালিয়ে যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুদ্দিন উদ্দিন ভূঁইয়া, কনস্টেবল মো. রিয়াজ ও নারী কনস্টেবল মমতাজ বেগমকে ক্লোজড করা হয়েছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।