রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজনই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭)। তিনি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। অপরজন একই এলাকার সাজেদা বেগম (৪০)। তিনি মাজবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
