পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সময় সেজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমাম।
সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরেও ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান আতাউল্লাহ। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। দীর্ঘক্ষণ সেজদা থেকে না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। বাবা মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজার মসজিদে ইমামতি করছিলেন তিনি।
স্থানীয়রা জানান, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন প্রিয়।
আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, বাবার একমাত্র সন্তান হিসেবে পরিবারের জন্য আতাউল্লাহ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প বয়সে তার মৃত্যুতে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার জোহরের নামাজের পর দুমকী উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা এবং আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি