
দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজার নামাজ শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় অনুষ্ঠিত জানাযার নামাজে অংশ নিয়েছেন প্রায় দুই লাখ মুসল্লি। জানাজার আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিভিন্ন মাদ্রাসার প্রধান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জানাজার নামাজে স্থানীয় মুসল্লি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন। জানাজা পড়িয়েছেন মরহুমের দ্বিতীয় পুত্র আনজার শাহ তানিম। পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র দেশের সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা করেন।
বুধবার রাতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথোরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহসভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম। তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। এছাড়া তিনি দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল (র.) দর্গা মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তার অসংখ্য ছাত্র ও ভক্ত।