
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আদেশ জারি করেছেন। এদিকে আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীয় জমিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। এতে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ‘এস আর’ মামলা নং-৬৫৩/২০২৬-এর প্রেক্ষিতে স্মারক নং-১১৪৪/২০২৬/এডিএম, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী ১৪৪ ধারায় নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, প্রথম পক্ষ মোহাম্মদ নুরুল আবসার রাশেদ মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধের অভিযোগ এনে দ্বিতীয় পক্ষ রোস্তম আলী ও সাদ্দাম হোসেন (প্রকাশ শাহাদাত)-এর বিরুদ্ধে আদালতে আবেদন করেন। আদালত উভয় পক্ষকে বিবাদীয় জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং কোনো পক্ষ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কোনো কার্যক্রমে জড়িত না হয়, সে বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে দ্বিতীয় পক্ষকে মালিকানার প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৮ অক্টোবর ২০২৬ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তফসিল অনুযায়ী, রাজাপালং মৌজার আরএস ও বিএস রেকর্ডভুক্ত প্রায় ১০ শতক জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে।
প্রথম পক্ষের অভিযোগ, আদালতের ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকা সত্ত্বেও দ্বিতীয় পক্ষ বিবাদীয় জমিতে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছে। এতে আদালতের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
তবে এ বিষয়ে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।