বিশেষ প্রতিবেদক::
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ উপলক্ষে বহিরাগত লোকজনের উপস্থিতি না থাকার জন্য আজ শনিবার ও রোববার সেন্টমার্টিনে সঙ্গে চলাচলকারি তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করলেন-জেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, আগামী ২৬ ডিসেম্বর রোববার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের কথা রয়েছে। তারই সূত্র ধরে, বহিরাগত লোকজন যাতে দ্বীপে থাকতে না পারে সেজন্য সেন্টমার্টিনের সঙ্গে তিনটি নৌপথে টেকনাফ-সেন্টমাটিন, কক্সবাজার-সেন্টমাটিন ও চট্টগ্রাম-সেন্টমাটিনের জাহাজ চলাচল চলাচলের বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল পর্যটক দ্বীপে অবস্থান করছে তাদের শুক্রবার সন্ধ্যার মধ্যে সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করার জন্য মাইকিং করা হচ্ছে। তবে আগামী ২৭ ডিসেম্বর সোমবার থেকে পুনরায় তিনটি নৌপথে জাহাজ চলাচলের কোন ধরনের বাধা থাকবে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল
ইসলাম বলেন, পুরো ইউনিয়নের ৯টি কেন্দ্রে ১হাজার ৬৬৩ জন পুরুষ ও ১ হাজার ৭০২ জন নারীসহ ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।
চেয়ারম্যান পদে পাঁচজন হলেন - মুজিবুর রহমান নৌকা, বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ মটর সাইকেল, মাওলানা আব্দুর রহমান চশমা, জাহিদ হোসেন আনারস ও সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, গত ১৬ নভেম্বর থেকে প্রথমে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এরপর থেকে ক্রমান্বয়ে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আরও ছয়টি জাহাজ কেয়ারি সিন্দাবাদ, শহীদ সুকান্ত বাবু, বে-ক্রুজ, এমভি ফারহানা ক্রুজ, এমভি পরিজাত, গ্রিনলাইন-১, সেন্ট মার্টিন-কক্সবাজার নৌপথে কর্ণফুলী এক্সপ্রেস ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম এ নৌপথে বে-ওয়ান পর্যটক পরিবহন করে আসছিলেন। এরমধ্যে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সাতটি এবং সেন্ট মার্টিন-কক্সবাজার নৌপথ ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম নৌপথে একটি করে দুইটিসহ
বর্তমানে এই তিনটি নৌপথে নয়টি জাহাজ চলাচল করে আসছিল। এসব জাহাজে করে দৈনিক ৬ থেকে ১০ হাজারের মতো পর্যটক সেন্টমার্টিন দ্বীপের ভ্রমন করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সেন্টমার্টিন দ্বীপের নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ও রোববার এ দুইদিনের জন্য তিনটি নৌপথে পর্যটক পরিবহন বন্ধ থাকবে। তবে সোমবার থেকে পুনরায় পর্যটকবাহী জাহাজ গুলো পর্যটক পরিবহন করতে পারবেন।