হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফের হ্নীলা রঙ্গীখালীতে র্যাবের অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে থানায় সোর্পদ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, শুক্রবার
সাড়ে ৫টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ মেহেদী হাসান অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদে র্যাবের বিশেষ একটি চৌকষ আভিযানিক দল নিয়ে টেকনাফের রঙ্গিখালী জুম্মাপাড়ায় ছদ্মবেশে অবস্থান নেন। এসময় অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমসহ মুক্তিপণের টাকা আদায় করতে আসলে র্যাব সদস্যরা মৃত কবির আহমদের পুত্র মোঃ নুরুল আলমকে (২৮) আটক এবং অপহৃত ভিকটিম মোঃ লুৎফর রহমান কাজলকে (১৮) উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। হ্নীলা বাজারের মোঃ তারেক (২০), জুম্মাপাড়ার রমিজ মিয়া (২৬) ও মোঃ সুমন মিয়াকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ভিকটিম ও আটক অপহরণকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, উখিয়া উপজেলার জালিয়া পালংয়ের শফির বিলের মৃত দুদু মিয়ার পুত্র মোঃ নুর হোছন বুলু (৫০) একটি অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, তারই ছোট ছেলে মোঃ লুৎফুর রহমান কাজল (১৮) শহরে ভাড়া বাসায় অবস্থান করে সিটি কলেজের ২য় বর্ষে পড়াশুনা করে আসছে। গত ১ নভেম্বর সকালে কলেজ যাওয়ার পথে উপরোক্ত বিবাদীরা কলেজ ছাত্রকে মাইক্রোতে উঠিয়ে হাত-মুখ বেঁধে অপহরণ করে নিয়ে এসে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এই বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরীর পর র্যাব-৭ কে অভিযোগ দেয়। এরপর র্যাব সদস্যরা দুঃসাহসিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ মামলায় হ্নীলা বাজারের মোঃ তারেক (২০), জুম্মাপাড়ার রমিজ মিয়া (২৬) ও মোঃ সুমন মিয়াকে পলাতক আসামী করা হয়েছে। ##